শরীয়তপুরে ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

- সর্বশেষ আপডেট ০৩:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 120
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, মো. মিজানুর রহমান মীর ও মো. রিপন সরদার। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী। তিনি সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে এবং চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নাশকতার ঘটনায় অর্থায়নের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে তাজেল মাদবর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। মিজানুর রহমান মীর চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রিপন সরদার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে কয়েকটি যানবাহনে ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
ওসি মো. আব্দুস সালাম বলেন, মামলার পর রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

































