লালবাগে বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৮:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 123
রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক সাবেক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগের শহীদনগর এলাকার বউবাজার ৩ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া থানার গোয়ালগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ঢাকা জজকোর্টের সাবেক আইনজীবী ছিলেন।
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে আনোয়ারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে অনলাইনেও তার কোনো কার্যক্রম দেখা যায়নি।
তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর আনোয়ার লালবাগের ওই বাসায় ভাড়া ওঠেন। মায়ের মৃত্যুর পর তিনি পরিবারের কাছ থেকে আলাদা থাকতে শুরু করেন। স্বজনদের সঙ্গেও তার যোগাযোগ ছিল সীমিত। অবিবাহিত আনোয়ার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং নেশায় আসক্ত ছিলেন বলেও জানান তার ভাই।
সহকর্মী অ্যাডভোকেট মামুনুর রশিদ জানান, আনোয়ার মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। কারও সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না এবং আদালতেও নিয়মিত যেতেন না। ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন।
লালবাগ থানা পুলিশ জানায়, পাশের বাসার এক ভাড়াটিয়া আনোয়ারের কক্ষে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।






























