লক্ষ্মীপুরে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ২
- সর্বশেষ আপডেট ০১:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 93
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান হোসেন (২৫) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৭) ।
ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, এর আগে স্থানীয় চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪টি এলজি, ৩৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।


































