রোহিঙ্গা ক্যাম্প সফর শেষে দুর্ঘটনায় পড়ল ফুটবলার ওজিলের গাড়িবহর

- সর্বশেষ আপডেট ১০:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 145
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে সাবেক জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল-কে বহনকারী গাড়িবহর। একই বহরে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভিআইপি প্রোটোকলে চলা বহরের একটি গাড়ির সঙ্গে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।
তবে ওজিল বা তুরস্কের প্রতিনিধি দলের কেউ আহত হননি। আহত অটোরিকশাচালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উখিয়ার শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে দিনভর রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ওজিল ও তুরস্কের প্রতিনিধি দল। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলেন তিনি। পরে সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
































