রোমের হোটেল বিতর্কে মুখ খুললেন জেমস
- সর্বশেষ আপডেট ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 101
ইতালির রোমে কনসার্টকে ঘিরে আয়োজকদের নানা অভিযোগ এবং হোটেল কক্ষ নোংরা রাখার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ‘নগরবাউল’খ্যাত মাহফুজ আনাম জেমস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ইতালির ভেনিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন তিনি।
আয়োজকদের অভিযোগ প্রসঙ্গে জেমস বলেন, তথ্য-প্রমাণ ছাড়া কোনো অভিযোগের ভিত্তি নেই।
হোটেল কক্ষ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ৫৪৯ নম্বর কক্ষে তাদের দলের একজন তরুণ গিটারিস্ট ছিলেন। জেমসের ভাষ্য, তরুণ হওয়ায় তিনি হয়তো কক্ষটি সেভাবে পরিষ্কার রাখেননি। তবে বিষয়টি বড় করে দেখার মতো কিছু নয়।
জেমস বলেন, হোটেলের কক্ষ নিয়মিত পরিষ্কার করার কথা থাকলেও অনেক সময় অতিথিরা কক্ষ এলোমেলো করে রাখেন। এ ধরনের ঘটনা হোটেলে প্রায়ই ঘটে। কক্ষ পরিষ্কার না রাখার কারণে যদি হোটেল কর্তৃপক্ষ ২০০ ইউরো জরিমানা করে থাকে, সেটিও অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে হোটেলের নিয়ম ভিন্ন। অনেক সময় কক্ষে ধূমপানের জন্যও ১০০ থেকে ২০০ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হয়। তাই এ ঘটনাকে বড় কোনো ইস্যু হিসেবে দেখার প্রয়োজন নেই।
সমালোচনা প্রসঙ্গে জেমস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যার যা বলার স্বাধীনতা রয়েছে, তারা চাইলে লিখতেই পারেন। এতে বাধা দেওয়ার কিছু নেই।
তবে সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে ওঠা চুক্তি ভঙ্গ এবং কনসার্টের টিকিট বিক্রির অর্থ নিয়ে নেওয়ার অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি জেমস।
এর আগে, ১৬ আগস্ট রোমে কনসার্টে অংশ নিতে জেমস ও তার সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। চেক-আউটের পর ওই কক্ষের কয়েকটি ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজকদের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।

































