রোজার মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির
- সর্বশেষ আপডেট ১১:০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 301
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন ঘিরে গত দুদিন সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন এবং আসন্ন রোজার মধ্যেই তফসিল ঘোষণার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে ইসি সূত্রে জানা গেছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আয়োজন করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব। খুব শিগগিরই সংরক্ষিত মহিলা আসনের পাশাপাশি সংসদের দুটি সাধারণ আসন বগুড়া-৬ ও শেরপুর-৩ -এর তফসিল ঘোষণার পরিকল্পনাও রয়েছে। তবে এ দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোজার ঈদের পর।
প্রচলিত নিয়ম অনুযায়ী দল ও জোটের অনুপাতে সংরক্ষিত মহিলা আসন বণ্টন করা হবে। সাধারণত প্রতিটি আসনের বিপরীতে সমসংখ্যক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয় না। তবে এবারের মনোনয়নপত্র ও হলফনামায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। প্রার্থীদের দেশ-বিদেশে থাকা সম্পদের হিসাব জমা দিতে হবে।
এদিকে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের তফসিল রোজার মধ্যেই ঘোষণা করা হলেও ভোট হবে ঈদের পর। রোজার মধ্যে নির্বাচনি প্রচারণা এড়াতে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচি নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।





























