দাপুটে জয়ে ফাইনালের পথে তামিমরা

- সর্বশেষ আপডেট ০৬:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 145
গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দাপুটে এই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে আজিজুল হাকিম তামিমের দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় অনূর্ধ্ব-১৯ দল। জারিফ সিয়াম ও কাওসার আহমেদের উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কাওসার আহমেদ ৭১ বলে ৫৬ রান করেন। তিন নম্বরে নেমে আহসান আল মুমিন করেন ৪৫ বলে ৩৫ রান।
মাঝে শাকিল খান ২৮ বলে ১৫ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। শেষদিকে মেহেরাব হাসান সিজানের ৩৬ বলে ৩৩ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় অনূর্ধ্ব-১৯ দল। শেষ পর্যন্ত ১৮৯ রানে অলআউট হয় তারা।
অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন স্বাধীন ইসলাম। মাত্র ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি ও আহরার আমিন পিয়ান নেন একটি করে উইকেট।
১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় অনূর্ধ্ব-২৩ দল। ওপেনার আদিল ও আজিজুল হাকিম তামিম মিলে গড়েন ১৩০ রানের দুর্দান্ত জুটি। দুজনই তুলে নেন অর্ধশতক।
আদিল ৭৪ বলে ৬৩ রান করে আউট হলেও আজিজুল হাকিম তামিম দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। পরে তার সঙ্গে যোগ দেন কালাম সিদ্দিকী অলিন। শেষ পর্যন্ত ১১১ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করে অনূর্ধ্ব-২৩ দল।
আজিজুল হাকিম তামিম অপরাজিত থাকেন ৭৯ বলে ৭৪ রান করে। অলিনের ব্যাট থেকে আসে অপরাজিত ৪০ বলে ৩৯ রান। দারুণ এই জয়ে ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে তামিমরা।































