রান্নাঘরে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত
- সর্বশেষ আপডেট ০৬:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 14
শরীয়তপুরের জাজিরায় একটি বসতবাড়ির রান্নাঘরে মজুত রাখা বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরণের ঘটনায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে রান্নাঘরের টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত রোকেয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। রোকেয়া ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রান্নাঘরে কাজ করতে ঢোকেন রোকেয়া। এ সময় সেখানে আগে থেকে মজুত রাখা বিপুলসংখ্যক ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা ও বেড়া উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে পড়ে।
এ ঘটনায় পাশের সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রোকেয়াকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, বোমা বিস্ফোরণে আহত অবস্থায় রোকেয়া বেগমকে হাসপাতালে আনা হয়। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর জেরে গত ১০ আগস্ট দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মান্নান সরদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন।
বিস্ফোরণের ঘটনাস্থল বাড়ির মালিক ফারুক ছৈয়াল বিএনপি নেতা রেজাউল শিকদারের সমর্থক বলে স্থানীয়দের দাবি। তবে রেজাউল শিকদার বিষয়টি অস্বীকার করে বলেন, ফারুক তার মিছিল-মিটিংয়ে যেতে পারেন, আবার অন্য ইউনিয়নের বিএনপির কর্মসূচিতেও অংশ নিতে পারেন। তাকে সরাসরি নিজের সমর্থক বলা ঠিক হবে না। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলেও জানান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুলসংখ্যক ককটেল মজুত থাকার প্রাথমিক তথ্য পেয়েছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে এবং একজন আহত হয়েছেন। ককটেলগুলো সেখানে কীভাবে ও কারা মজুত করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























