জামালপুরে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
- সর্বশেষ আপডেট ১০:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 94
জামালপুরের মাদারগঞ্জে বিষধর সাপের কামড়ে মোতাহার (৫৫) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোতাহার ওই এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় জোনাইল বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে কীটনাশক দিতে যান মোতাহার। এ সময় একটি বিষধর সাপ তাঁর পায়ের নখে কামড় দেয়। পরে তিনি বিষয়টি চাচাতো ভাই নজরুল বেপারিকে জানালে তিনি দ্রুত মোতাহারকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর মোতাহারকে অ্যান্টিভেনম দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই নজরুল বেপারি বলেন, সাপের কামড়ের পর মোতাহারকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে জামালপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার জানান, সাপের কামড়ের পর মোতাহারকে হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার্ড করা হয়েছিল।






























