হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব
- সর্বশেষ আপডেট ০৫:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 136
বাদীকে হুমকি দিয়ে মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে পিটিশন মামলা হয়েছে। এ মামলায় আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী মামলাটি করেন। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত অভিযোগ আমলে নেন এবং তানজিন তিশাকে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন নাহার তিশার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সানায়া চৌধুরী। ওই মামলায় আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
সানায়ার অভিযোগ, মামলা করার পর থেকে তানজিন তিশা বিভিন্ন সময়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দিতে থাকেন। গত ৭ নভেম্বর মুঠোফোনে তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ‘আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না।’ এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
বাদীর দাবি, পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর গত ২৫ অক্টোবর তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। আদালত নারাজি মঞ্জুর করে পিবিআইয়ের প্রতিবেদন পুনরায় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
সানায়ার অভিযোগ, তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে আসামিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অজ্ঞাত ব্যক্তিদের পাঠিয়ে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় এবং তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় ভুগে এবং থানা কর্তৃপক্ষের পরামর্শে ন্যায়বিচারের আশায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নতুন করে পিটিশন মামলা করেন।
আগের মামলার অভিযোগে বলা হয়, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়া চৌধুরীর একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সানায়া।
মামলার বিবরণে বলা হয়, শাড়িটি ফেরত চেয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তানজিন তিশাকে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান সানায়া। এরপর শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানজিন তিশার সঙ্গে দেখা হলে শাড়িটি ফেরত চান সানায়া। তবে শাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়। একই বছরের ১০ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে ফোন করে মামলা করা এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সানায়া।
তবে গত ২৫ মে পিবিআইয়ের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম আগের মামলায় অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন জমা দেন। পরে বাদী ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।





























