রেলে আসছে বিদ্যুৎচালিত ও উচ্চগতির ট্রেন
- সর্বশেষ আপডেট ০৬:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 95
দেশের রেল যোগাযোগে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। বিদ্যুৎচালিত ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ধীরে ধীরে পুরো নেটওয়ার্ককে আধুনিক কাঠামোর দিকে নিতে পারে।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রেলপথকে আরও নিরাপদ, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রিক ট্র্যাকশন চালু এবং উচ্চগতির রেল সংযোগ স্থাপন।
সরকারের পরিকল্পনায় দেশের সব জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলের সক্ষমতা বাড়াতে আধুনিক লোকোমোটিভ, ক্যারেজ ও ওয়াগন সংগ্রহের কথাও বলা হয়েছে।
রেলওয়ের অবকাঠামো উন্নয়নে সৈয়দপুর ও পাহাড়তলী ওয়ার্কশপের সক্ষমতা বাড়ানো হবে। স্থানীয়ভাবে কোচ ও ইঞ্জিন সংযোজন কার্যক্রমও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা এবং ঢাকা–চট্টগ্রাম করিডোর উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা–কুমিল্লা অংশে একটি কর্ডলাইন নির্মাণ হলে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাজেট বক্তব্যে আরও জানানো হয়, চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যেখানে ঘাটতি পূরণে দেশি-বিদেশি ঋণ ও অন্যান্য উৎসের ওপর নির্ভর করা হবে।
আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।






























