রায়পুরায় নিজ অর্থায়নে সড়ক মেরামত করলেন ডা. ফরিদ

- সর্বশেষ আপডেট ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 90
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবহেলিত একটি সড়ক নিজস্ব অর্থায়নে মেরামত করে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ডা. ফরিদ আহমেদ। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করেন।
ডা. ফরিদ আহমেদ মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগীসহ সাধারণ পথচারীদের প্রতিদিন ভোগান্তিতে পড়তে হতো। স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. ফরিদ আহমেদ নিজ উদ্যোগে ও অর্থায়নে সড়কটি মেরামতের ব্যবস্থা করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের উদ্যোগের ধারাবাহিকতায় এ কাজ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ডা. ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্থানীয় সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া এবং সামাজিক উন্নয়নমূলক কাজে তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করে এলাকাবাসীর একটি অংশ সন্তোষ প্রকাশ করেছেন।
দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি বিভিন্ন সময়ে মামলা ও কারাভোগের অভিজ্ঞতা রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
আসন্ন মির্জানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশার কথা জানিয়ে ডা. ফরিদ আহমেদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। তাঁর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়দের অনেকে।
এলাকাবাসীর প্রত্যাশা, মির্জানগর ইউনিয়নের অন্যান্য অবহেলিত সড়কসহ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাঁদের মতে, ব্যক্তিগত উদ্যোগে সড়ক মেরামত সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সরকারি অর্থায়নে টেকসই সংস্কার ও উন্নয়ন প্রয়োজন।





























