রামপুরায় আন্দোলন দমন ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ: চিফ প্রসিকিউটর

- সর্বশেষ আপডেট ০৬:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 194
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ২৫ মার্চের কালরাতের মতো হত্যাযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, বাসা ঘরে ঢুকে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল, যা ইতিহাসে নজিরবিহীন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রামপুরায় আন্দোলন দমনে ২৮ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলায় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর এই সূচনা বক্তব্য দেন। তিনি জোর দিয়ে বলেন, হত্যাযজ্ঞের এই ঘটনাটি ন্যায়বিচারের দাবি রাখে।
শুনানিতে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম মুন। মামলার অপর দুই আসামি পুলিশ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।
চিফ প্রসিকিউটরের বক্তব্যের পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ সাক্ষ্য গ্রহণ শুরু করে। প্রথম দিন সাক্ষ্য দেন বিশ্বজিৎ রাজবংশী, যার বাবা গঙ্গাচরণ রাজবংশী রামপুরায় আন্দোলনের সময় বিজিবির গুলিতে নিহত হন। ট্রাইব্যুনাল আগামী ২৬ ফেব্রুয়ারি পুনঃজেরা করার জন্য দিন ধার্য করেছে।

































