রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১০:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 28
আজ রাত থেকেই শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রী পরিবহনের এই বৃহৎ আয়োজনের সূচনা করবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফ্লাইট শিডিউল বাড়ানো এবং ভাড়া সমন্বয়ের মতো বিষয়গুলোও এ বছরের ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারি হিসাবে, বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। যাত্রী পরিবহনের প্রায় অর্ধেক দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর বাকি যাত্রীদের বহন করবে সাউদিয়া ও ফ্লাইনাস।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে ৪১৯ জন হজযাত্রী থাকবেন। প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
হজযাত্রী পরিবহনের প্রাক-ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।































