রাড্ডা ভাঙচুরে শাহ আলী ওসির গাফিলতি: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০১:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 173
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সরকার আমলে নেবে না।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে শাহ আলী থানার আওতাধীন এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। মামলার অভিযোগ অনুযায়ী, হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি সেন্টারে ঢুকে দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার ও মো. আব্দুল হাইকে মারধর করে বেঁধে রাখে।
পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে সেন্টারের ভেতরে প্রবেশ করে। এরপর পূর্ব পাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এরপর পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতির কথা বলা হয়েছে। ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের আরেকটি সেমিপাকা ঘর, আসবাবপত্র ও যন্ত্রপাতিও ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয়। পরে আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালাও ভাঙচুর করা হয়। এতে আরও প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শাহ আলী থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের কথাও জানিয়েছে ডিএমপি।































