রপ্তানিতে নতুন যে সুবিধা পাবেন উদ্যোক্তারা

- সর্বশেষ আপডেট ০৯:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 175
রপ্তানি বাণিজ্য সহজ করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট সীমার মধ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে শিপিং বা পরিবহনসংক্রান্ত ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার কাছে পাঠানোর সুযোগ পাবেন রপ্তানিকারকরা।
রপ্তানিকারকদের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এক লাখ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারকরা পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতা বা তাদের মনোনীত পক্ষের কাছে পাঠাতে পারবেন।
সোমবার (১৬ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ–১। সংশ্লিষ্টরা মনে করছেন, এ পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে লেনদেন ও পণ্য ছাড় প্রক্রিয়া আরও দ্রুত করতে সহায়ক হবে।
সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলো এখন রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক কিংবা তাদের মনোনীত প্রতিনিধির নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করার অনুমতি দিতে পারবে। ফলে রপ্তানিকারকরা ওই নথিগুলো সরাসরি ক্রেতা বা সংশ্লিষ্ট পক্ষের কাছে পাঠাতে পারবেন, যা পণ্য ছাড়ের প্রক্রিয়াকে সহজ করবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, অনেক বিদেশি ক্রেতাই দ্রুত পণ্য ছাড়ের সুবিধার জন্য নিজেদের নামে শিপিং ডকুমেন্ট ইস্যু করতে চান। আন্তর্জাতিক বাণিজ্যে এ ধরনের চাহিদা বিবেচনায় নিয়েই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে রপ্তানিকারকরা বিদেশি ক্রেতাদের শর্ত অনুযায়ী আরও দ্রুত এবং নমনীয়ভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
তবে রপ্তানি আয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শর্তও রাখা হয়েছে। ব্যাংকগুলোকে আগে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট পণ্যের জন্য বৈধ রপ্তানি আদেশ রয়েছে। একই সঙ্গে বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয় যথাযথভাবে যাচাই করার নির্দেশও দেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, নতুন এ সুবিধা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিকারকদের সহায়তা করবে। পাশাপাশি ক্রেতাদের চাহিদা পূরণ সহজ হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে ফেরত আনার প্রক্রিয়াও আরও সুশৃঙ্খল হবে।



































