যে ২১ প্রার্থী নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি
- সর্বশেষ আপডেট ০৪:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 30
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২১ জন প্রার্থী এখনো নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেননি। এ কারণে তাদের জন্য আবারও সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুন পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।
রোববার (২৪ মে) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, এর আগে ৬ মে পর্যন্ত সময় বাড়ানো হলেও কয়েকজন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যেও ব্যয়ের হিসাব জমা দেননি। তাই শেষবারের মতো আরও সময় দেওয়া হয়েছে।
ইসি জানিয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের বিষয়টি অবহিত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ জুনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে পাঠাতে বলা হয়েছে।
যেসব প্রার্থী এখনো নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেননি, তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রার্থিতা বাতিল, কারাদণ্ড কিংবা অর্থদণ্ডের বিধানও রয়েছে।
ব্যয়ের হিসাব না দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন— নীলফামারী-৪ এ শওকত আকবর, লালমনিরহাট-১ এ হাবিব ফারুক, রংপুর-২ এ আজিজুর রহমান, কুড়িগ্রাম-৩ এ নুরে এরশাদ, চাঁপাইনবাবগঞ্জ-১ এ শামসুল হোদা ও আব্দুল হালিম, নাটোর-১ এ মোয়াজ্জেম হোসেন, ভোলা-১ এ আইনুর রহমান ও আলা উদ্দিন, ভোলা-৩ এ আবু তৈয়ব ও কামাল উদ্দিন, ভোলা-৪ এ আবুল কালাম ও জালাল রুমী, ময়মনসিংহ-৫ এ রফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ এ জসিম উদ্দিন, ঢাকা-১৪ এ লিটন, সুনামগঞ্জ-৩ এ মুশতাক আহমদ, চাঁদপুর-২ এ এনামুল হক, চট্টগ্রাম-১২ এ ফরিদুল আলম এবং বান্দরবানে সুজাউদ্দীন।
নির্বাচনি আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। প্রথম দফার সময়সীমা শেষ হয় ১৫ মার্চ। পরে আবেদন ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৬ মে পর্যন্ত করা হয়েছিল।































