যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

- সর্বশেষ আপডেট ১০:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 109
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির আধা-সরকারি সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে। তেহরান স্পষ্ট করেছে, সাময়িক যুদ্ধবিরতি নয়; স্থায়ী সমাধান ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়।
ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে, প্রয়োজন মনে করা পর্যন্ত দেশজুড়ে যুদ্ধ চলবে। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই দৃঢ় অবস্থান নিশ্চিত করেন।
আকরামিনিয়া বলেন, যুদ্ধের গতি ও সমাপ্তি সম্পূর্ণভাবে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগ্রাসনের জন্য শত্রুপক্ষকে অবশ্যই অনুতপ্ত হতে হবে।
তিনি আরও বলেন, ইরান এমন একটি পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে জাতীয় নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত হবে। লক্ষ্য একটি স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়।
মার্কিন ও ইসরাইলি বিমান হামলার মধ্যেও ইরানের এই অনড় অবস্থান দেখা গেছে। সেনাবাহিনী রাজনৈতিক নেতাদের নির্দেশ অনুযায়ী যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে।
আন্তর্জাতিক শান্তিচেষ্টা চলাকালীন এ ধরনের ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


































