যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নির্ধারণ করবে ইমিগ্রেশন, ভিসার মেয়াদ নয়
- সর্বশেষ আপডেট ০৫:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 162
যুক্তরাষ্ট্রে কোনো আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন, তা পাসপোর্টে থাকা ভিসার মেয়াদের ওপর নির্ভর করে না। বরং দেশটিতে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তার নির্ধারিত সময়সীমাই চূড়ান্ত বলে জানিয়েছে ঢাকাস্ত মার্কিন দূতাবাস। শনিবার (১১ এপ্রিল) এক বিশেষ বার্তায় দূতাবাস ভ্রমণকারীদের এই প্রচলিত ভুল ধারণা সম্পর্কে সতর্ক করেছে এবং অবস্থানের বৈধ মেয়াদ নিশ্চিত করতে ‘I-94’ রেকর্ড যাচাই করার পরামর্শ দিয়েছে।
মার্কিন দূতাবাস ঢাকা স্পষ্ট করেছে যে, ভিসার মেয়াদ এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়—এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। অনেক ভ্রমণকারী মনে করেন, তাদের বি১/বি২ (ভিজিটর) ভিসা যতদিন বৈধ আছে, ততদিন তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। দূতাবাস জানায়, এই ধারণাটি সঠিক নয়। ভিসা মূলত দেশটিতে প্রবেশের একটি অনুমতিপত্র মাত্র, কিন্তু সেখানে কতদিন থাকা যাবে তা নির্ভর করে সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ার ওপর।
বার্তায় উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি যখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, তখন প্রবেশপথে দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তা ওই ভ্রমণকারীর থাকার অনুমোদিত সময়সীমা নির্ধারণ করে দেন। প্রবেশের সময় ভ্রমণকারীর পাসপোর্টে সিল দিয়ে অথবা অনলাইনে I-94 রেকর্ডে একটি নির্দিষ্ট তারিখ লিখে দেওয়া হয়, যাকে বলা হয় “Admit Until Date”। এই তারিখটিই হচ্ছে যুক্তরাষ্ট্রে ওই ব্যক্তির অবস্থানের সর্বশেষ বৈধ দিন।
ভ্রমণকারীরা যাতে অনিচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময় অবস্থান (Overstay) না করেন, সেজন্য দূতাবাস কিছু নির্দেশনা দিয়েছে:
-
I-94 রেকর্ড যাচাই: যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নিয়মিতভাবে অনলাইনে নিজের I-94 রেকর্ড পরীক্ষা করে অনুমোদিত তারিখ নিশ্চিত করা।
-
সিল চেক করা: পাসপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তার দেওয়া সিল এবং তারিখ মনোযোগ দিয়ে দেখা।
অনুমোদিত সময়ের অতিরিক্ত একদিন অবস্থান করলেও তা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। তাই ভ্রমণকারীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।
































