যুক্তরাষ্ট্রের ৫ প্রস্তাব ভারসাম্যহীন: ইরানি গণমাধ্যম
- সর্বশেষ আপডেট ১০:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 17
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার সর্বশেষ প্রস্তাবে কোনো বাস্তব বা উল্লেখযোগ্য ছাড় দেয়নি বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। তাদের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো আগের অবস্থান থেকেই এসেছে, যেখানে আলোচনার ভারসাম্য নেই বলেই মনে করা হচ্ছে।
ইরানি সংবাদ সংস্থা ফারস জানায়, যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাবে ইরানকে মাত্র একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের কথাও বলা হয়েছে।
গণমাধ্যমটির দাবি, বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদের বড় অংশ ফেরত দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো অগ্রগতি দেখায়নি। এমনকি যুদ্ধের সময় হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণের বিষয়টিও তারা নাকচ করেছে।
ইরানি পক্ষের মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়টিকে আলোচনার পূর্বশর্ত হিসেবে চাপিয়ে দিতে চাইছে, যা শেষ পর্যন্ত সমঝোতার পথকে আরও কঠিন করে তুলতে পারে।
অন্যদিকে মেহের সংবাদ সংস্থার মন্তব্য, যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত সামনে আনছে যা বাস্তবে আগেও আদায় করা যায়নি। ফলে নতুন করে আলোচনায় অচলাবস্থার ঝুঁকি থেকেই যাচ্ছে বলে তারা মনে করছে।
এর আগে ইরান যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা সম্পদ ফেরতের দাবি তুলেছিল বলে জানা যায়।
এদিকে ইরানের সামরিক ও রাজনৈতিক মহল থেকে যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাদের ভাষায়, আবার আঘাত এলে তার জবাব হবে আরও কঠিন ও অপ্রত্যাশিত।





































