যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করলো ন্যাটোভুক্ত দেশ
- সর্বশেষ আপডেট ১২:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 159
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিমানগুলোর জন্য নিজের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। মধ্যপ্রাচ্যে চলমান এক মাসব্যাপী এই সংঘাতকে ঘিরে ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের বিরোধ আরও গভীর হয়েছে।
সোমবার (৩১ মার্চ) স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস বলেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নেওয়া কোনো বিমানই স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর মধ্যে যুক্তরাজ্য বা ফ্রান্সসহ অন্যান্য ন্যাটো দেশে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত। এর আগে দক্ষিণ স্পেনের রোটা ও মোরন দে লা ফ্রন্তেরা যৌথ ঘাঁটি থেকে হামলা চালানোর অনুমতিও বাতিল করেছিল মাদ্রিদ।
রোব্লেস সাংবাদিকদের বলেন, “একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হওয়া কোনো যুদ্ধে স্পেন অংশ নেবে না বা সহযোগিতা করবে না।”
স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ১৫টি মার্কিন কেসি-১৩৫ ট্যাঙ্কার বিমান ফ্রান্স ও জার্মানির ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের আকাশসীমা ব্যবহার করা না যাওয়ায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে পরিচালিত দীর্ঘপাল্লার বি-৫২ ও বি-১ বোমারু বিমানগুলোকে এখন দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, ফলে অভিযানের কার্যকারিতা কমছে এবং জ্বালানি ও অস্ত্র বহনের মধ্যে সমন্বয় করতে হচ্ছে।
ইরান যুদ্ধের বিরোধিতায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম সরব। দেশটি ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং কূটনৈতিক সম্পর্কও নিম্নস্তরে নামিয়ে এনেছে।
স্পেনের এই অবস্থানের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। খবর-আরটি

































