যশোরে যুবকদের স্বপ্ন দেখালেন অমিত

- সর্বশেষ আপডেট ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 321
যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত শহরের তরুণ ভোটারদের কাছে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন। সোমবার শহরের পৌর উদ্যানে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তরুণরা তাদের দীর্ঘ দিনের সংকট ও আগামী দিনের প্রত্যাশা তুলে ধরেন। অনিন্দ্য ইসলাম অমিত জানান, চাকরির প্রথম শর্ত হবে মেধা ও যোগ্যতা, এবং চাকুরির জন্য কাউকে ছাত্রদল করা বা বিএনপির পরিবারের সদস্য হতে হবে না।
তিনি বলেন, তিনি তরুণদের দীর্ঘ দিনের সমস্যার সমাধান এবং প্রত্যাশা পূরণের জন্য অগ্রাধিকার তালিকা তৈরি করবেন। সেই অনুযায়ী কাজ করে দেশের যুব সমাজের সুযোগ ও সম্ভাবনা নিশ্চিত করবেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান, সীমান্ত সুরক্ষা, যশোরের স্বাস্থ্য খাতের উন্নয়ন, মাদক-সন্ত্রাস প্রতিরোধসহ নানা বিষয়ে প্রশ্ন ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেন, অতীতে বিএনপি সরকারে থাকাকালীন দেশে লিখিত পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস বা অনিয়ম ঘটেনি। তিনি আবারও মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া উচ্চতর শিক্ষা গ্রহণ সহজ করার জন্য স্কুল পর্যায় থেকে তৃতীয় ভাষা চালু, কারিগরি কোর্স ও ক্রীড়া শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। ছাত্রদলের প্রভাবজনিত বা অনাকাঙ্ক্ষিত আচরণের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া, তিনি শিক্ষার্থীদের জন্য আবাসন, পরিবহন ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নারীদের সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, যুব সমাজের বিপথগামী ঠেকাতে ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গন সচল করা, মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়ে তোলা- এগুলোও তার অঙ্গীকারের অংশ।
স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি জানান, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও করোনারি কেয়ার ইউনিট পূর্ণ সক্ষমতায় কাজ করবে। কৃষি প্রধান এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সবজি সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি দেন।
প্রযুক্তি ও কর্মসংস্থানের প্রসঙ্গে তিনি বলেন, যশোর আইটি পার্কের সম্পদ যথাযথভাবে কাজে লাগিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে প্রযুক্তি ভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগ নেবেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “গত ১৭ বছরে যুবকদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি নির্বাচিত হলে তরুণদের তাদের স্বপ্ন পূরণে সক্রিয়ভাবে কাজ করবো এবং তাদের সমস্যার সমাধান নিশ্চিত করবো।”































