যশোরে বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
- সর্বশেষ আপডেট ০৬:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 8
যশোরের ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঈদের দিন (২৮ মে) বিকেল ৪টার দিকে শহরতলীর খোলাডাঙ্গা গাজীপাড়ার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো একই এলাকার রাজিব খানের ছেলে রেজওয়ান আহমেদ ইমন (৭) এবং ইয়াছিনের ছেলে সিয়াম (৪)।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, বাড়ির পাশে খেলাধুলার সময় শিশুরা একটি বোমা সদৃশ বস্তু লক্ষ্য করে ঢিল ছোড়ে। মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়ে দুই শিশু গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন কুমার দে জানান, রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক এবং প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হতে পারে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।































