যশোরে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর
- সর্বশেষ আপডেট ০৪:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 9
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন সহোদর বোন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো; জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলীর মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)। ফাহিমা ও সুলতানা সম্পর্কে সহোদর বোন।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তিন শিশু। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরের সিঁড়ির নিচ থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের প্রতিবেশী মাহবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে ফাহিমা, লামিয়া ও সুলতানা বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। একপর্যায়ে তাদের দাদি স্থানীয়দের নিয়ে পুকুরে গিয়ে সিঁড়ির নিচে তিন শিশুকে ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি জানান, পুকুরটিতে সাধারণত মানুষের যাতায়াত কম। মাঝে মধ্যে কেউ গোসল করতে গেলেও বেশিক্ষণ সেখানে থাকে না।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময় তাদের কারও হৃদস্পন্দন ছিল না। ইসিজি পরীক্ষার পর তাদের শরীরে প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুকুরটি নিহত ফাহিমাদের পরিবারের এবং অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে স্থানীয়দের যাতায়াতও কম। স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।





























