মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজারে বিক্রি
- সর্বশেষ আপডেট ০৪:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 9
মৌলভীবাজারের রাজনগরে মাদরাসার সহযোগিতায় আয়োজিত নিলামে চারটি কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদরাসার ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর হাঁকিয়ে কমলাগুলো কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল মালিক রুকন।
মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান শেষে মাদরাসার পক্ষ থেকে এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলেন। তখন রাত প্রায় ১টা। মাহফিল ও নিলামের পুরো আয়োজন ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
নিলাম শুরু হয় ৫ হাজার টাকা থেকে। একপর্যায়ে দর বেড়ে ৫০ হাজার টাকায় পৌঁছালে আব্দুল মালিক রুকন চারটি কমলা কিনে নেন। উপস্থিত ব্যক্তিরা জানান, নিলামে অংশ নেওয়া ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল মাদরাসার কার্যক্রমে আর্থিক সহযোগিতা করা।
আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার উদ্দেশ্যেই তার বাবা কমলাগুলো কিনেছেন। একই সঙ্গে মাদরাসাটিকে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।
মরিচা মাদরাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, মাদরাসার সহযোগিতার জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে। এবার চারটি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আধা কেজি খেজুরও নিলামে তোলা হয়, যা বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।
তারা জানান, ফলগুলো অস্বাভাবিক বেশি দামে বিক্রির মূল উদ্দেশ্য মাদরাসার কার্যক্রমে সহযোগিতা করা। নিলামে অংশ নেওয়া ব্যক্তিরা মাদরাসার শুভাকাঙ্ক্ষী এবং দীর্ঘদিন ধরে এর উন্নয়নে সহায়তা করে আসছেন।





























