মেয়েদেরও প্রতিষ্ঠিত করতে পরিবারের ভূমিকার আহ্বান

- সর্বশেষ আপডেট ০৮:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 309
পরিবারে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য না করে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা। তারা বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও প্রতিষ্ঠিত ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘নারী ও কন্যার জন্য সহিংসতামুক্ত ঢাকা মহানগর চাই’ স্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মোমেনা শাহনূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু। স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রেহানা ইউনুস।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মোমেনা শাহনূর। প্রয়াত বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব পাঠের পর এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রুনা আক্তার বলেন, নারীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে সমাজে নানা ধরনের বয়ান ও যুক্তি তৈরি করা হয়েছে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও নারীরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকারি প্রশাসন থেকে শুরু করে তৈরি পোশাক ও প্রবাসী কর্মসংস্থান; বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান উল্লেখযোগ্য।
তিনি বলেন, নারীর অংশগ্রহণ আরও বাড়াতে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন প্রয়োজন। ছেলে ও মেয়েকে সমান সুযোগ দিয়ে তাদের প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর সমতা ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ মহিলা পরিষদ প্রায় ৫৬ বছর ধরে কাজ করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী উন্নয়নের কোনো বিকল্প নেই। নারী অধিকার ও সমতার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গীকার এবং নারীবান্ধব আইন বাস্তবায়নের ক্ষেত্রেও সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
তিনি ঢাকা মহানগরকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ডা. মালেকা বানু বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা পরিষদ কাজ করে যাচ্ছে। রাজনৈতিক সংকটের পর সামাজিক সংকটও তৈরি হয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে সাইবার সহিংসতার কারণে নারীরা যে নতুন ধরনের ঝুঁকির মুখে পড়ছেন, তা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
স্বাগত বক্তব্যে রেহানা ইউনুস বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিরাপদ ও মানবিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা মহানগর শাখা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সব বাধা অতিক্রম করে নারী ও শিশুর জন্য নিরাপদ, সহিংসতামুক্ত ও সমতাভিত্তিক নগরী গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মোমেনা শাহনূর বলেন, নারীরা ঘরে ও বাইরে সমানভাবে দায়িত্ব পালন করছেন। নিজেদের অধিকার সম্পর্কে নারীদের সচেতন হতে হবে এবং অধিকার প্রতিষ্ঠায় তাদের সোচ্চার হতে হবে।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে সাধারণ প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব ও বিভাগীয় প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব প্রতিবেদনের ওপর সদস্য ও কেন্দ্রীয় নেতারা আলোচনা করেন।
সম্মেলনের শেষ পর্যায়ে রেহানা ইউনুসকে সভাপতি এবং কানিজ ফাতেমা টগরকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর শাখার সংগঠক সম্পাদক কানিজ ফাতেমা টগর।































