মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা

- সর্বশেষ আপডেট ০৪:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 144
চলতি বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়া যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকার মধ্যে ব্যয়ের কথা বলা হচ্ছে। এটি বাংলাদেশের সরকার নির্ধারিত কোনো ব্যয় নয়, বরং মালয়েশিয়ার পক্ষের বক্তব্য।
তিনি বলেন, মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো ব্যয়ের সীমার মধ্যে প্রকৃত অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন হলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না।
মন্ত্রী আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য আগামী সপ্তাহের মধ্যেই মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ।
এদিকে সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু করেছে দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশটির পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।






























