যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৯:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 214
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তবে তিনি বলেন, প্রবাসীদের সহায়তায় সরকার নানা উদ্যোগ নিয়েছে, যার সুফল শিগগিরই দেখা যাবে।
রোববার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। প্রয়োজন হলে তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতিও রাখা হচ্ছে, আর কেউ আহত হলে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
তিনি জানান, প্রবাসীদের পরিস্থিতি নজরদারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, বিভিন্ন দূতাবাস এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নিয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
প্রতিদিন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
মন্ত্রী বলেন, এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে তিনজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
বিদেশে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ চলছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে এখন তা এগোচ্ছে না। বিকল্প হিসেবে পূর্বাঞ্চলের কয়েকটি দেশে শ্রমবাজার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। রমজান ও যুদ্ধ পরিস্থিতির কারণে কাজ কিছুটা ধীর হলেও আগামী মাসে গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে আইনশৃঙ্খলা কমিটির সভায় সিলেটে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ঈদ সামনে রেখে পুলিশের সাদা পোশাকে টহল, গোয়েন্দা নজরদারি এবং মার্কেট এলাকায় সিসি ক্যামেরা বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।
বিশেষ করে সন্ধ্যার পর নারী ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেটের ভেতরেও নজরদারি জোরদারের কথা বলেন তিনি।































