মাদক বিস্ফোরকসহ ছাত্রদল নেতা আটক

- সর্বশেষ আপডেট ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 258
ফরিদপুরের বোয়ালমারীতে বিস্ফোরক প্রস্তুত ও মজুদের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামীম নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। অভিযানে তার বাড়ি থেকে তিনটি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক উপাদান, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মমিন মার্কেট সংলগ্ন নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। শামীম আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য।
জানা যায়, শামীম স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সে নিজ বসতঘরে ককটেল বোমা প্রস্তুত করত এবং সেগুলো মজুদ ছিল। পরে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে মঙ্গলবার ভোরে স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটকের সময় তল্লাশি করে তার বসতঘর থেকে তিনটি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক গুঁড়া, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জাম জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। অভিযানের মাধ্যমে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আটক শামীমকে জব্দকৃত আলামতসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত ও মজুদ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মো. আনোয়ার হোসেন বলেন, শামীমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।































