‘মন ভালো তো সব ভালো’- বার্তায় বিশ্ব মেডিটেশন দিবস পালন

- সর্বশেষ আপডেট ০১:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 390
পরিবেশ দূষণের মতো মনের দূষণও ব্যক্তি ও সমাজের কষ্টের কারণ- এই বার্তা সামনে রেখে রাজধানীতে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। ব্যক্তির মন ভালো থাকলে পরিবার, সমাজ ও বিশ্ব ভালো থাকে- এই দর্শনকে সামনে রেখে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দিনটি উদযাপন করা হয়।
দিবসটি এমন এক সময়ে পালিত হলো, যখন গোটা বাংলাদেশ আগামী নির্বাচন সামনে রেখে অস্থির হয়ে রয়েছে। এ অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।
সকাল ৭টায় অনুষ্ঠান শুরু হলে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সম্মিলিত কণ্ঠে ‘ভালো থাকার প্রত্যয়ন’ পাঠের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। এরপর উপস্থিত সবাই মেডিটেশনের মাধ্যমে নীরবে নিজের ভেতরে ডুবে যান।
অনুষ্ঠানে এক অডিওবার্তায় অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী।

বৈজ্ঞানিক মেডিটেশন পদ্ধতি কোয়ান্টাম মেথডের উদ্ভাবক শহীদ আল বোখারী মহাজাতক অডিওবার্তায় বলেন, “কোয়ান্টাম তিন দশক ধরে বলে আসছে- মন ভালো তো সব ভালো।”
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে জাতিসংঘ ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করায় বিশ্বজুড়ে মেডিটেশন চর্চাকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এই প্রেক্ষাপটে কোয়ান্টাম ২০২৫ সালকে ঘোষণা করেছে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে, যা সমাজের সর্বস্তরে মেডিটেশন চর্চাকে নতুন গুরুত্ব দিচ্ছে।
আলোচনায় বর্তমান ডিজিটাল জীবনের উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ট্রমা, ভয় ও অনিশ্চয়তা এবং এসব থেকে সৃষ্ট মনোদৈহিক রোগের প্রসঙ্গ উঠে আসে।
বক্তারা বলেন, এসব সমস্যা থেকে মুক্তির কার্যকর পথ দেখায় মেডিটেশন। তাই মেডিটেশনের বার্তা বিশ্বের প্রতিটি ঘরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে মেডিটেশন চর্চার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক রাজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন এবং স্কলাস্টিকা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. শাহিদা রহমান।
ঘণ্টাব্যাপী এই আয়োজনে মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। রাজধানীর বাইরে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটসহ দেশব্যাপী শতাধিক স্থানে একই সময়ে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়। এসব স্থানে শিশু-কিশোরসহ অসংখ্য মানুষ মেডিটেশনে অংশ নেন।
বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে আরও বেশি মানুষ ভালো থাকার এই চর্চায় যুক্ত হবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। তাদের বিশ্বাস, মন ভালো থাকলেই সব ভালো।





































