মধ্যরাতে বিশ্বকাপ অভিযানে নামছে সেলেসাওরা
- সর্বশেষ আপডেট ০৬:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 9
উত্তর আমেরিকায় জমকালো আয়োজনে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ফুটবল পরাশক্তি ব্রাজিল। তবে নিজেদের উদ্বোধনী ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে সেলেসাওরা। মরক্কোর বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পাচ্ছে না দলের সবচেয়ে বড় তারকা ও নির্ভরযোগ্য ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে। কাফ মাসলের চোট পুরোপুরি সেরে না ওঠায় মাঠের বাইরে থাকতে হচ্ছে ব্রাজিলের ইতিহাসের এই সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। তবে চোট থাকলেও এবারের বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নেইমারেরই থাকছে।
নেইমারের অনুপস্থিতিতে নতুন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ৪-২-৩-১ ফরমেশনে কৌশল সাজাতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণভাগের মাঝমাঠে নেইমারের জায়গায় দেখা যেতে পারে রাফিনিয়াকে। সেক্ষেত্রে রাইট উইং বা ডান প্রান্তে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন গাব্রিয়েল মার্তিনেল্লি, এন্ড্রিক, লুইস এনরিক কিংবা বোর্নমাউথের তরুণ ফুটবলার রায়ানের মধ্যে যেকোনো একজন। অবশ্য কোচ যদি লুকাস পাকেতাকে স্ট্রাইকারের ঠিক পেছনে খেলান, তবে রাফিনিয়া তাঁর চিরচেনা ডান উইং পজিশনেই খেলার সুযোগ পাবেন।
আক্রমণভাগের মূল স্ট্রাইকার পজিশন নিয়েও কিছুটা মধুর সমস্যায় রয়েছেন আনচেলত্তি। হোয়াও পেদ্রোকে বিশ্বকাপের মূল স্কোয়াডের বাইরে রাখায় এখন প্রধান স্ট্রাইকার হিসেবে বিকল্প হিসেবে আছেন দুজন—ইগোর থিয়াগো এবং এন্দ্রিক। তবে সাম্প্রতিক সময়ে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মাথেউস কুনিয়া। সেই ম্যাচে একটি আত্মঘাতী গোল করলেও মরক্কোর বিপক্ষে মূল একাদশে আবারও তাঁর ওপরই আস্থা রাখতে পারেন কোচ।
এদিকে ব্রাজিলের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। ম্যাচপূর্ব অফিসিয়াল সংবাদ সম্মেলনে আলিসনের উপস্থিতি নিশ্চিত করায় ধারণা করা হচ্ছে, গত মার্চের পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটিই হতে যাচ্ছে তাঁর দ্বিতীয় কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ।
রক্ষণভাগে দলের অভিজ্ঞ অধিনায়ক মার্কুইনোসের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধতে পারেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। যদিও আর্সেনালের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার কারণে দেরিতে জাতীয় দলে যোগ দেওয়ায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলা হয়নি ম্যাগালহায়েসের। ডিফেন্সের বাকি দুই ফুল-ব্যাক পজিশনে যথারীতি দেখা যেতে পারে দানিলো এবং আলেক্স সান্দ্রোকে। রক্ষণাত্মক মিডফিল্ডে দলের মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকছেন অভিজ্ঞ দুই সেনানি কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস।
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন বেকার (গোলরক্ষক); দানিলো, মার্কুইনোস (অধিনায়ক), গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; রাফিনিয়া, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র এবং মাথেউস কুনিয়া।



































