মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২০ যুদ্ধজাহাজ, শত শত বিমান মোতায়েন
- সর্বশেষ আপডেট ০৪:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 16
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে অঞ্চলজুড়ে দেশটির নৌবাহিনীর ২০টির বেশি যুদ্ধজাহাজ এবং কয়েক শ সামরিক উড়োজাহাজ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমানোর লক্ষ্য নিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযান চালানো হয়েছে। পরে তারা জানায়, ইরানের ওপর আবারও নৌ অবরোধ কার্যকর করা হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরান আলোচনায় না এলে দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। জ্বালানি স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, ইরানের সামনে চুক্তি করা ছাড়া আর কোনো পথ নেই। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সম্প্রতি ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং একটি সমঝোতার সুযোগ এখনো রয়েছে।
হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ওপর জোর দিয়ে ট্রাম্প বলেন, এটি সব দেশের জন্য খোলা থাকা প্রয়োজন। এর আগে তিনি প্রণালিতে ফি আরোপের চিন্তা করলেও পরে উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ প্রস্তাবকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান।
মধ্যস্থতার মাধ্যমে সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়ে তারা যুক্তরাষ্ট্রের কয়েকটি অস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে।






































