নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে অনাস্থা, আশঙ্কা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, জনগণের ভোট যাতে জালিয়াতি, কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’-এর শিকার না হয়, সে দায়িত্ব ভোটের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা–১৩ আসনের এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ার সুযোগ নেই।
আরও পড়তে পারেন
ঢাকা–১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের পক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, একটি পক্ষ জনগণের কপাল নিয়ে খেলার চেষ্টা করছে। সেই চেষ্টা রুখে দিতে হলে এখন থেকেই সচেতন ও সংগঠিত থাকতে হবে। তার বক্তব্যে বারবার ফিরে আসে ‘ভোট পাহারা’ শব্দটি, যা তিনি দেখেন রাজনৈতিক দায়িত্ব ও নাগরিক কর্তব্য হিসেবে।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য কোনো আকস্মিক সমঝোতা নয়, বরং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষারই রাজনৈতিক রূপ। তার ভাষায়, এই ঐক্য চাঁদাবাজি, দুর্নীতি, মামলা বাণিজ্য ও অপরাধের রাজনীতির বিরুদ্ধে। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন ফলাফল অনিবার্যভাবে জনগণের পক্ষেই যায়—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রে মোবাইল ফোন ও রেকর্ডিং ডিভাইস নিষিদ্ধ করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেমন ইন্টারনেট বন্ধ করে অন্যায় আড়াল করার চেষ্টা হয়েছিল, এখন আবার একই মানসিকতা দেখা যাচ্ছে। তার অভিযোগ, ভোটের দিন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সব ধরনের রেকর্ডিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে। তিনি স্পষ্ট করে বলেন, জুলাইয়ের অন্যায় যেমন জনগণ মেনে নেয়নি, তেমনি নির্বাচনকে অন্ধকারে নেওয়ার কোনো চেষ্টাও মেনে নেওয়া হবে না।
একই সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, যদি দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা না দেওয়া হয়, তবে আন্দোলনের পথেই যেতে হবে। সেই দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থেকে একটি পক্ষ ‘চোরাই পথে’ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তার ভাষায়, কোথাও কোথাও গুন্ডা লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের মজুত গড়া হচ্ছে, ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলছে। তবে তিনি দাবি করেন, জুলাইয়ের যোদ্ধারা ঘুমিয়ে পড়েনি। জনগণের ভোট ছিনতাইয়ের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে।
ঢাকা–১৩ আসনকে একটি মর্যাদাপূর্ণ আসন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকাকে চাঁদাবাজি, মাদক ও দখলবাজির মাধ্যমে জর্জরিত করা হয়েছে। তরুণদের বিপথে ঠেলে অস্ত্র ও অপরাধের সঙ্গে যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, এই তরুণদের দমন নয়, সংশোধনই হবে ভবিষ্যৎ রাজনীতির লক্ষ্য।
শেষ পর্যন্ত শফিকুর রহমান তার বক্তব্যকে নিয়ে যান বৃহত্তর রাজনৈতিক দাবি ও দর্শনের দিকে। তিনি বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর জন্য নয়, ১৮ কোটি মানুষের পক্ষে। নির্বাচিত হলে দলীয় সরকার নয়, জনগণের সরকার প্রতিষ্ঠার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, নির্দিষ্ট কোনো দলের জয় নয়, জনগণের সম্মিলিত জয়ই হবে প্রকৃত বিজয়।
তিনি দাবি করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণেরা ইতোমধ্যেই জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। ১২ তারিখের নির্বাচনেও সেই চিত্রই দেখা যাবে বলে তিনি প্রত্যাশা প্রকাশ করেন। আর কেউ যদি সেই বাস্তবতা আঁচ করে এখনই চোরাগোপ্তা পথে হাঁটার চেষ্টা করে, তবে জনগণ তা রুখে দেবে—এই সতর্কবার্তাই ছিল তার বক্তব্যের শেষ সুর।


































