ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে জামায়াত আমিরের দ্বিপাক্ষিক বৈঠক

- সর্বশেষ আপডেট ১০:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 271
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মঙ্গলবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে রাজধানীতে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের মধ্যে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা প্রকাশ করেন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে রাতে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।
বিক্রম মিশ্রি এই সময়ে দুই দেশের সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার গুরুত্ব তুলে ধরেন, ডা. শফিকুর রহমানকে তার নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমানও দুই দেশের গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।

































