ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
- সর্বশেষ আপডেট ০৮:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 5
বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরও শক্তিশালী করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নিয়মিত সংলাপ ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনার এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যের বিষয়টি উঠে আসে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য কিংবা পলাতক শেখ হাসিনা যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা রয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের ইতিবাচক সম্পর্কের অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকার আশ্বাস দেন।
বৈঠকের শেষে উভয়পক্ষই মত প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, নিয়মিত সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং যেকোনো দ্বিপক্ষীয় ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধান সম্ভব হবে।






























