বিশ্বাসভঙ্গের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
- সর্বশেষ আপডেট ১১:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 35
ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সংসদের চলতি অধিবেশনে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে বিরোধী দল ওয়াকআউট করেছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে, যা নিয়ে সংসদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী সংসদ সদস্যরা আনুমানিক সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। ওয়াকআউটের আগে সরকারি দলের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ তোলেন তিনি।
তিনি অভিযোগ করেন, বিশেষ কমিটির আলোচনায় যে সমঝোতা হয়েছিল, তা উপেক্ষা করে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ সংশোধিত আকারে পাস করা হয়েছে। এ ঘটনার পরই সংসদে দীর্ঘ বিতর্কের সৃষ্টি হয়।
ওয়াকআউটের সময় ডা. শফিকুর রহমান বলেন, দুঃখ ও ক্ষোভ নিয়েই তারা সংসদ কক্ষ ছাড়তে বাধ্য হয়েছেন। একই সঙ্গে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বলে জানা যায়।
এর আগে সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করা হয়। বিলটি পাসের পরপরই বিরোধীদলীয় নেতা আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন এবং তার সঙ্গে থাকা সংসদ সদস্যরাও কক্ষ ত্যাগ করেন।
এ নিয়ে চলতি অধিবেশনে একাধিকবার ওয়াকআউটের ঘটনা ঘটল, যা সংসদীয় কার্যক্রমে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে বলে মন্তব্য করছেন পর্যবেক্ষকরা।
































