বিশ্বকাপ জেতার জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২৫৬ রান
- সর্বশেষ আপডেট ১০:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 134
টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের ইনিংস শেষ হয়ে গেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করেছে। এবার চূড়ান্ত লড়াইয়ে নিউজিল্যান্ডকে জয় পেতে ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে হবে।
ম্যাচের শুরুতেই ভারত ব্যাট হাতে চমক দেখিয়েছে। প্রথম ১৫ ওভারে দুইশ রানের বেশি সংগ্রহ করে স্বাগতিকরা নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। পরের চার ওভারে নিউজিল্যান্ডের বোলাররা কিছুটা সীমাবদ্ধ করেন রান, তবে শেষ ওভারে শিভাম দুবের ঝড়ো ব্যাটিংয়ে ভারতের ইনিংস ২৫৫ রানে পৌঁছায়।
প্রথম তিন ব্যাটারই নিউজিল্যান্ডের বোলারদের ওপর আক্রমণ চালান। ওপেনার অভিষেক শর্মা মাত্র ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেন, যেখানে ৬টি চার ও ৩টি ছক্কা ছিল। সঞ্জু স্যামসন ৪৬ বলের ৮৯ রানের ইনিংস খেলেন, ৫টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়ে দলের রানের গতিকে আরও এগিয়ে নেন। তিন নম্বরে নেমে ইশান কিষাণ মাত্র ২৫ বলেই ৫৪ রানের অর্ধশতক পূর্ণ করেন।
১৫ ওভার পর্যন্ত ভারতের ইনিংস ঝড়ের মতো চললেও পরবর্তী সময়ে কিছু উইকেট হারানোর সঙ্গে সঙ্গে ছন্দ খানিকটা কমে যায়। স্যামসন ও কিষাণের পরে হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবও ফিরে যান। শেষদিকে শিভাম দুবের ৮ বলের ২৬ রানের ঝড়ো ইনিংসে ভারতের সংগ্রহকে ২৫৫ রানে পৌঁছে দেয়।
এখন নিউজিল্যান্ডের সামনে কঠিন লক্ষ্য—২০ ওভারে ২৫৬ রান তাড়া করে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ।




































