বিনা খরচে কর্মী নেবে মালয়েশিয়া
- সর্বশেষ আপডেট ০৯:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 92
বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
সরকার জানিয়েছে, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হতে পারে। এবার রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে বাংলাদেশ, যাতে সিন্ডিকেট ও দুর্নীতি রোধ করা যায়।
সংশ্লিষ্টরা বলছেন, সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে শ্রমবাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকবে। তবে বিশ্লেষকদের সতর্কবার্তা, স্বচ্ছতা নিশ্চিত না হলে ভবিষ্যতে আবারও জনশক্তি রপ্তানিতে সংকট দেখা দিতে পারে।
দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়। ২০১৬ সালে তা চালু হলেও ২০১৮ সালে আবার বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সালের আগস্টে কর্মী পাঠানো শুরু হলেও ২০২৪ সালের ১ জুন বাংলাদেশি কর্মীদের জন্য আবারও শ্রমবাজার বন্ধ করে মালয়েশিয়া।
এদিকে, ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ কর্মীকে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বোয়েসেলকে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার কর্মী যেতে পেরেছেন। বাকিদের পাঠানোর বিষয়ে দ্রুত সিদ্ধান্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় আইনি জটিলতা দূর করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা এসেছে।
































