দীর্ঘ অপেক্ষার পর আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে যাত্রা শুরু করতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন থেকেই সীমিত পরিসরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, উদ্বোধনের পরপরই ১০ থেকে ১৫টি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু করা হবে। ধাপে ধাপে এক থেকে দুই মাসের মধ্যে এটি পূর্ণ সক্ষমতায় চালু হবে।
তিনি আরও জানান, টার্মিনাল পরিচালনার বিষয়ে জাপানের সঙ্গে আগামী জুন–জুলাইয়ের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ, আর ১৫ বছর পর পুরো ব্যবস্থাপনা দেশের নিয়ন্ত্রণে আসবে।
এর আগে নির্মাণ শেষ না করেই পূর্ববর্তী সরকার টার্মিনালটি উদ্বোধন করেছিল, তবে তখন সেটি ব্যবহারযোগ্য হয়নি। পরবর্তী সময়ে অবকাঠামো ও প্রযুক্তিগত অসম্পূর্ণতার কারণে দীর্ঘ সময় প্রকল্পটি কার্যত স্থবির অবস্থায় পড়ে থাকে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি সচল করতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। একাধিক দফা আলোচনার পর আবারও জাপানকেই পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, অবকাঠামো ও নেটওয়ার্ক ব্যবস্থার কিছু কাজ এখনো বাকি রয়েছে, যা দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নেটওয়ার্ক সেবার ক্ষেত্রে নতুন কনট্রাক্টের বিষয়েও কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।