নববর্ষ উদযাপনে মানতে হবে যেসব নির্দেশনা

- সর্বশেষ আপডেট ০৭:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 152
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উদযাপন নিরাপদ ও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। শোভাযাত্রা, যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত নিয়মগুলো মঙ্গলবার সভায় চূড়ান্ত করা হয়।
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত সভায় ক্যাম্পাসে নববর্ষ উদযাপনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ বছর নববর্ষের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় জানানো হয়, আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে ফিরে চারুকলা অনুষদে শেষ হবে।
নির্দেশনাসমূহ –
ক্যাম্পাসে পহেলা বৈশাখে কোনো ধরনের মুখোশ পরা ও ব্যাগ বহন নিষেধ, শুধুমাত্র অনুষদ কর্তৃক প্রদত্ত মুখোশ হাতে প্রদর্শন করা যাবে।
ভুভুজিলা বাঁশি বাজানো বা বিক্রি করা যাবে না।
সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে; পরে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ, বের হওয়া যাবে।
১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করবে না।
নববর্ষের দিন কোনো যানবাহন বা মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
নিজস্ব গাড়ি চলাচলের জন্য নীলক্ষেত ও পলাশী মোড়ের গেট ব্যবহার করতে হবে।
প্রধান প্রবেশ ও প্রস্থানের পথ নির্দিষ্ট তিনটি গেটের মাধ্যমে সীমিত করা হয়েছে।
ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন।
মোবাইল পাবলিক টয়লেট হজি মুহম্মদ মুহসীন হল মাঠ, ছাত্র-শিক্ষক কেন্দ্র, দোয়েল চত্বর ও কার্জন হল এলাকায় স্থাপন।
নিরাপত্তা ও মনিটরিংয়ের জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করা হবে।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখকে সদস্যসচিব করে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন উপ-কমিটিও গঠিত হয়েছে।

































