বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
- সর্বশেষ আপডেট ০২:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 96
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। ছবি: পিআইডি
বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘বাংলাদেশ–মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।
বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন। বৈঠকে দুই দেশের গণমাধ্যম সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের মিডিয়া ব্যবস্থাপনা, গণমাধ্যম উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, ডিজিটাল যুগে ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) মোকাবিলায় বাংলাদেশ ও মিশরের মধ্যে যৌথ উদ্যোগ সময়ের দাবি। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের অংশ হিসেবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, দুই দেশের মধ্যে সংবাদমাধ্যমের সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ আগ্রহী এবং এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
এ সময় মিশরের রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, এই সম্পর্ককে আরও গভীর করতে বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় মিশর। তিনি জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
গণমাধ্যম খাতে সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাষ্ট্রদূত দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পাশাপাশি ‘বাংলাদেশ–মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেন।


































