বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে মা-ছেলে নিখোঁজ

- সর্বশেষ আপডেট ০৪:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 202
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ঘুরতে এসে নিখোঁজ হয়েছেন সাবিকুন্নাহার লিজা (২৭) নামে এক নারী ও তাঁর সাত বছর বয়সী ছেলে লাবিব। তাঁদের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
বুধবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরিয়ান আরিফ নামের একটি অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আসে। পোস্টদাতাকে নিখোঁজ নারীর চাচাতো ভাই পরিচয় দিয়ে বলা হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে সাবিকুন্নাহার ও তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পোস্টে তাঁদের সন্ধান পেলে উল্লেখ করা মুঠোফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে নিখোঁজ সাবিকুন্নাহারের চাচাতো ভাই ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সুমন বলেন, এখনো তাঁর চাচাতো বোন ও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের খোঁজ মেলেনি। এ কারণে বুধবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁরা।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বুধবার সকালে নিখোঁজ নারী ও শিশুর বিষয়ে পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে দুপুরে পরিবারের সদস্যরা থানায় এসে জিডি করেছেন।































