বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল শোরুমে তালা
- সর্বশেষ আপডেট ০২:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 19
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে রাজধানীর বাংলাবাজারে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে। পরে পুলিশের মধ্যস্থতায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, দুই যুবক ইউপিএলের বিক্রয়কেন্দ্রে গিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি দেখতে চান। কর্মীরা বইটি বের করে দিলে তাঁরা সেটি বিক্রি নিয়ে আপত্তি তোলেন এবং বইটি নিষিদ্ধ বলে দাবি করেন।
একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো করে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা দেওয়া হয়। একই সঙ্গে কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটকে রাখা হয়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুই কর্মীকে থানায় না নিয়ে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। সেখানে দুই পক্ষের সঙ্গে কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিশের ভাষ্য, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। বইটি আর বিক্রি না করার শর্তে কর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।
এদিকে ইউপিএল এক বিবৃতিতে ঘটনাটিকে প্রকাশনা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় এবং কোনো বই আইনগতভাবে নিষিদ্ধ হলে তারা তা মেনে চলবে। তবে অবৈধ চাপ বা বলপ্রয়োগের মাধ্যমে বই বিক্রি বন্ধ করার উদ্যোগ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউপিএল আরও বলেছে, প্রকাশনা ও বিপণনে এ ধরনের হস্তক্ষেপ সংস্কৃতির বিকাশের জন্য ক্ষতিকর। প্রকাশনা শিল্পে অনিয়ম ও বলপ্রয়োগ ঠেকাতে রাষ্ট্র ও সমাজের কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।






























