রাশিয়ায় ৩০ বাংলাদেশি বিক্রির অভিযোগে এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ
- সর্বশেষ আপডেট ০৩:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 14
রাশিয়ার সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ একটি ই-মেইল সেবা চালুর ঘোষণাও দেন মন্ত্রী। তিনি জানান, লিখিত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার থেকেই এ সেবার কার্যক্রম শুরু হচ্ছে।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই। দায়িত্বে থাকা পর্যন্ত কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
এ ছাড়া মন্ত্রণালয়কে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।






























