যুদ্ধবিরতি লঙ্ঘন
ফের হরমুজ বন্ধ করল ইরান

- সর্বশেষ আপডেট ১০:১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 101
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলের হামলার ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার (৮ এপ্রিল) বিকাল থেকে হরমুজ প্রণালিটিতে ট্যাংকার চলাচল সম্পূর্ণভাবে থেমে গেছে।
সবশেষ বুধবার ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এ হামলায় ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরাইল লেবাননে হামলা চালানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাও একই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, বুধবার সকালে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ঘোষণা দেন। ওই সময় ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। তবে লেবাননে নতুন করে হামলা শুরু হলে বাকি সব ট্যাংকারের চলাচল স্থগিত করে তেহরান। খবর-সিএনএন


































