ফাঁসির মঞ্চ থেকে সংসদে: ডেপুটি স্পিকার

- সর্বশেষ আপডেট ০৪:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 269
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে বক্তব্যে বলেছেন, বর্তমান সংসদ গুম, খুন, আয়নাঘর ও ফাঁসির মঞ্চ পেরিয়ে এসেছে, যা বিশ্বের ইতিহাসে বিরল।
বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। ১৩ দিনের বিরতি শেষে বিকেল ৩টায় ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সভায় ডেপুটি স্পিকার বলেন, সংসদে সভাপতিত্ব করতে পেরে তিনি সম্মানিত। সব সদস্যের আস্থা ও নেত্রকোনা-১-এর জনগণের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার ভিত্তি মহান মুক্তিযুদ্ধ। শহীদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার কারণে আজ স্বাধীন বাংলাদেশ অর্জন সম্ভব হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
ডেপুটি স্পিকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও স্মরণ করেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনকে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানের কারণে ফ্যাসিবাদ পতিত হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধসহ সকল শহীদকে শ্রদ্ধা জানান। অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের প্রতি সমবেদনা জানান।
মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হিসেবে সংসদে আসার সৌভাগ্য বর্ণনা করে তিনি বলেন, সবার সহযোগিতায় একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে উঠবে।































