ফিফা বিশ্বকাপ ২০২৬
প্রেসিডেন্টের তিরস্কার: দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ
- সর্বশেষ আপডেট ০২:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 46
চলতি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হোং মিয়ুং-বো। গ্রুপ পর্ব থেকে দলের বিদায়ের একদিন পরই নিজের পদত্যাগের ঘোষণা দেন ৫৭ বছর বয়সী এই কোচ।
দক্ষিণ কোরিয়ার সাবেক অধিনায়ক হোং মিয়ুং-বো এর আগেও ২০১৪ বিশ্বকাপে জাতীয় দলের কোচ ছিলেন। সেবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল কোরিয়াকে। এক যুগ পর আবারও একই পরিণতির পর দায় স্বীকার করে পদত্যাগ করলেন তিনি।
মেক্সিকোতে সাংবাদিকদের সামনে নিজের সিদ্ধান্ত জানিয়ে হোং বলেন, “আমি আজ দক্ষিণ কোরিয়া জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করছি। এই দায়িত্ব নেওয়া কখনোই সহজ ছিল না। তবে একবার সিদ্ধান্ত নেওয়ার পর আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছি। কোরিয়ান ফুটবলকে যারা ভালোবাসেন এবং সবসময় সমর্থন করেছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
দলের ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি। হোং বলেন, “সমর্থকেরা যে ফলাফল প্রত্যাশা করেছিলেন, আমি তা দিতে পারিনি। এই ব্যর্থতার সম্পূর্ণ দায় আমার।”
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত দুই বছরে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই দেশের ফুটবলের স্বার্থে নেওয়ার চেষ্টা করেছেন বলে দাবি করেন হোং। তবে সব সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।
এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জি মিয়ুং দলের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যোগ্যতার পরিবর্তে আনুগত্যকে গুরুত্ব দেওয়া এবং অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর ফলেই এমন ব্যর্থতা এসেছে। একই সঙ্গে জাতির কাছে ক্ষমা চেয়ে তিনি ক্রীড়া প্রশাসনে দ্রুত সংস্কারেরও ঘোষণা দেন।
হোং মিয়ুং-বো শুরু থেকেই সমর্থকদের সমালোচনার মুখে ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের স্থলাভিষিক্ত হওয়ার পর ঘরের মাঠেই দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়েন তিনি।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড সন হিউং-মিনকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েও ব্যাপক সমালোচনা হয়। দ্বিতীয়ার্ধে সনকে মাঠে নামানো হলেও ম্যাচটি হেরে যায় দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো কোচ হিসেবে হতাশাজনক ফলাফলের পর শেষ পর্যন্ত দায় স্বীকার করে বিদায় নিলেন হোং মিয়ুং-বো। এখন নতুন কোচের সন্ধানে নামছে দক্ষিণ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।































