প্রাইমারি নিয়োগে ভেরিফিকেশন আতঙ্ক

- সর্বশেষ আপডেট ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 177
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও ভেরিফিকেশনে বাদ পড়েছেন শত শত প্রার্থী। নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন প্রার্থীরা। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও ‘নেগেটিভ’ ভেরিফিকেশন রিপোর্টের কারণে নিয়োগ থেকে বাদ পড়ার অভিযোগ তুলেছেন অনেকে।
এক গণমাধ্যমকর্মী নূর হোসেন ফেসবুকে লিখেছেন, ‘প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়া ভাই-বন্ধুদের পোস্ট দেখে চোখের পানি আটকাতে পারতেছি না। খোদার কসম, এসব দেখার জন্য জুলাই হয়নি।’ এ ধরনের পোস্ট ও মন্তব্য ক্রমেই বাড়ছে।
আইনুল হক নামের এক প্রার্থী ফেসবুকে লিখেছেন, ‘ছোটবেলা থেকে সর্বদা ক্লিন ইমেজ বজায় রেখে চলা ও বিশ্ববিদ্যালয় জীবনে নিরপেক্ষ থাকার পরও অজানা কারণে ভেরিফিকেশনে আমার নাম বাদ পড়েছে।’ তিনি ঘটনাটিকে ‘ভাগ্যের নির্মম পরিহাস’ উল্লেখ করে বলেন, মামলা-ঝামেলা এড়িয়ে চললেও শেষ পর্যন্ত ভেরিফিকেশনের কারণেই তিনি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন।
বিকাশ দাশ নামে আরেক প্রার্থী অভিযোগ করেন, তার বা পরিবারের কোনো রাজনৈতিক পরিচয় না থাকা সত্ত্বেও তিনি নিয়োগপত্র পাননি। তার গ্রাম একজন সাবেক সংসদ সদস্যের গ্রাম হওয়া তার কী দোষ; এমন প্রশ্নও তুলেছেন তিনি।
ওমর ফারুক নামে এক ব্যবহারকারী লিখেছেন, চূড়ান্ত ফল প্রকাশের প্রায় সাত মাস পর অনেকের ভেরিফিকেশন ‘নেগেটিভ’ দেখিয়ে নিয়োগপত্র দেওয়া হয়নি। চাকরির আশায় কেউ আগের চাকরি ছেড়েছেন, কেউ পড়াশোনা বন্ধ রেখেছেন, আবার কেউ চাকরি পাওয়ার আশায় বিয়েও করেছেন। এখন তাদের অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
প্রার্থীদের পাশাপাশি তাদের স্বজন ও সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। অলক পাল নামে এক ব্যক্তি তার ছোট ভাইয়ের বাদ পড়ার কথা জানিয়ে লিখেছেন, ভেরিফিকেশনের নামে এত প্রার্থীকে একসঙ্গে বাদ পড়তে তিনি আগে কখনো দেখেননি। মন্তব্যে রিপন দাস নামে একজন লিখেছেন, ‘এদেশে পরিশ্রমের কোনো মূল্য দেয় না।’
গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১৫টি জেলায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও ৩৫১ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র পাননি। এর মধ্যে সুনামগঞ্জে ১২০ জন, বগুড়ায় ৪৮, পাবনায় ৩৫, চাঁদপুরে ২৭, ব্রাহ্মণবাড়িয়ায় ২৪, মানিকগঞ্জে ২২, কুষ্টিয়ায় ১৬, রাজবাড়ীতে ১৫, ঝালকাঠি ও ফরিদপুরে ১২ জন করে, চাঁপাইনবাবগঞ্জে ৭, শরীয়তপুরে ৬, মুন্সীগঞ্জে ৩ এবং সাতক্ষীরা ও লক্ষ্মীপুরে ২ জন করে রয়েছেন।
তবে অন্যান্য জেলাতেও একই ধরনের অভিযোগ পাওয়া গেলেও সেসব জেলার চূড়ান্ত সংখ্যা এখনো জানা যায়নি।
ঝিনাইদহের মহেশপুরের এক প্রার্থী জানান, তিনি সব নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তার পুলিশ ভেরিফিকেশনে সমস্যা হওয়ার কথা নয় বলে দাবি করেন তিনি। এরপরও নিয়োগপত্র না পাওয়ায় হতাশা প্রকাশ করেন ওই প্রার্থী।
প্রার্থীরা কেন বাদ পড়ছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট জেলা ও কেন্দ্রীয় কর্মকর্তাদের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক বিভাগের উপপরিচালক জয়নাল আবেদী জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং অধিদপ্তরের মহাপরিচালক বা পলিসি অ্যান্ড অপারেশন শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভেরিফিকেশনে নেগেটিভ রিপোর্ট, জমা দেওয়া কাগজপত্রে অসামঞ্জস্যতা কিংবা সংশ্লিষ্ট উপজেলায় শূন্যপদ না থাকার মতো কারণে কেউ নিয়োগপত্র নাও পেতে পারেন।
চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এবং ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।
দীর্ঘ অপেক্ষার পর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ভেরিফিকেশনের কারণে শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
































