প্রস্তুতি ম্যাচে পিছিয়ে বাংলাদেশ

- সর্বশেষ আপডেট ০২:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 135
মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬৩ রান তুলেছিল বাংলাদেশ। তবে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। টিগ উইলির শতক ও জ্যাক ডোরানের কার্যকর ইনিংসে ৩৫৫ রান করে ৯২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
প্রথম দিনের খেলা শেষে ১২ ওভারে ২ উইকেটে ৫১ রান ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ। দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের পেসাররা দ্রুত দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন।
৩৮ বলে ২৪ রান করা জশ ফিলিপকে বোল্ড করেন হাসান মাহমুদ। এরপর জ্যাক ক্লেটনকে ৪৮ রানে ফেরান এবাদত হোসেন। চতুর্থ উইকেটে ক্লেটন ও কার্টিস পেটারসন ৭৩ রানের জুটি গড়লেও পেটারসনকেও ৪৮ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন হাসান মাহমুদ।
মধ্যক্রমে এরপর প্রতিরোধ গড়ে তোলেন টিগ উইলি ও জ্যাক ডোরান। পঞ্চম উইকেটে দুজনের গুরুত্বপূর্ণ জুটিতে দ্রুত রান বাড়তে থাকে। ডোরান ৭৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিলে ভাঙে জুটিটি।
ডোরানের বিদায়ের পর বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিলেও একপ্রান্তে অবিচল ছিলেন উইলি। ১৭৭ বল মোকাবিলা করে ১৩০ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত খালেদ আহমেদের বলে আউট হলে ৩৫৫ রানে গুটিয়ে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ইনিংস।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ সর্বোচ্চ চারটি উইকেট নেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া এবাদত হোসেন ও খালেদ আহমেদ একটি করে উইকেট পান।
প্রথম ইনিংসে ৯২ রানের লিড নিয়ে ম্যাচে সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
































