প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ড দেওয়া দায়িত্বজ্ঞানহীন: হাইকোর্ট

- সর্বশেষ আপডেট ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 154
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পর্যাপ্ত প্রমাণ ছাড়া কয়েকজন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় বিচারিক আদালতের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, শামীম, রুহুল আমিন, মাকসুদ কাউন্সিলর ও আফসারউদ্দীনের বিরুদ্ধে ন্যূনতম কোনো প্রমাণও পাওয়া যায়নি। এরপরও তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
হাইকোর্টের মতে, এমন বিচার-বুদ্ধিহীন দণ্ডের কারণে ওই আসামিদের প্রায় সাত বছর কনডেম সেলে থাকতে হয়েছে। এর প্রভাব তাদের পরিবারগুলোর ওপরও পড়েছে ধ্বংসাত্মকভাবে।
৮ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এসব পর্যবেক্ষণ উঠে এসেছে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, একটি সভ্য সমাজে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সাজা প্রত্যাশিত নয়। ট্রাইব্যুনালের বিচারকের মধ্যে প্রয়োজনীয় সংবেদনশীলতার অভাব পরিলক্ষিত হয়েছে। দণ্ডবিধি ও সাজা প্রদানের বিধিমালার মৌলিক বিষয়গুলো যথাযথভাবে আয়ত্ত না করা পর্যন্ত ওই বিচারককে দায়রা আদালতের বিচারিক কার্যক্রম থেকে দূরে রাখা সমীচীন হবে বলেও মন্তব্য করেছেন আদালত।
পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, নুসরাতকে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের পরিকল্পনা করা হয়েছিল। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার নির্দেশ বাস্তবায়নে শাহাদাত হোসেন শামীম ও নুরউদ্দিন মূল সহযোগী হিসেবে ভূমিকা রাখেন।
হাইকোর্টের পর্যবেক্ষণে আরও বলা হয়, নুসরাত মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় তাকে হত্যার জন্য শামীম, নুরউদ্দিন, জাবেদ ও জুবায়েরকে প্ররোচিত করেছিলেন অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা।
নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিকেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করেছে হাইকোর্ট। আদালত বলেছেন, জবানবন্দিটি ত্রুটিহীন এবং গ্রহণযোগ্যতার নির্ধারিত মাপকাঠি পূরণ করে। এতে চার ব্যক্তির সরাসরি অংশগ্রহণের বিষয়টি উঠে এসেছে।
এ ছাড়া দণ্ডিত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল; মামলার নথিতে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান আদালত। শুধু জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল বলেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে অবিশ্বাস্য বলা যায় না বলেও পর্যবেক্ষণ দেন বিচারপতিরা।
এর আগে গত ২৪ আগস্ট নুসরাত হত্যা মামলায় মূল হোতা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ও মাদ্রাসার শিক্ষার্থী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।
তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বহাল রাখার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না থাকায় তাদের খালাস দেওয়া হয়। একই সঙ্গে আরও চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন পাওয়া চার আসামি হলেন; মাদ্রাসাছাত্র নুরউদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ এবং উম্মে সুলতানা পপি ওরফে তুহিন।































